• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৩৮:৩১ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত

৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৪৬

পিরোজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মা, অটোরিকশাচালকসহ আরও চারজন আহত হয়েছেন।

৪ জুন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পিরোজপুর-বরিশাল সড়কের খলিশাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার (১৮) পিরোজপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি সদর উপজেলার হুলারহাট এলাকার বানেশ্বরপুর গ্রামের আবুল কালাম খানের মেয়ে।

আহতরা হলেন- হাওয়া বেগম (৪৫), লামিয়া (১৯), রাসেল (৩০) এবং অপর এক ব্যক্তি, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়া ও তার মা সদর উপজেলার তেজদাসকাঠি এলাকায় নানাবাড়ি থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি হুলারহাটে ফিরছিলেন। পথে খলিশাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অতনু হালদার জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) তাপস মণ্ডল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us